ধামরাই উপজেলা যুবলীগের সভাপতিকে অব্যাহতি

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:১৮

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মো. মোহাদ্দেছ হোসেনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও জেলা যুবলীগের নির্দেশক্রমে গতকাল শনিবার উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ও তৃণমূল যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে ব্যাপক সাংগঠনিক আলোচনা হয় এবং কেন্দ্রীয় নির্দেশনা মতে স্বচ্ছতার ভিত্তিতে আগামী দুই মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন। ঢাকা জেলা যুবলীগের সভাপতি হাজি শফিউল আজম খান বারকু, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মিজানুর রহমান মিজান, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমানসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।