দেশে করোনা ভাইরাসে মৃত্যু আবার বেড়েছে। টানা গত দুই দিন করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৫। গতকাল শনিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৯ জন। মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্তের হার কমে ১০-এর ঘরে গেছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ৫১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ জন। আরো ১ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২ হাজার ২৯৮ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৭৩ জনের।
