স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহিদ শেখ রাসেলের ‘ম্যুরাল’ উন্মোচন ও ‘শহিদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন করবেন। এছাড়া অ্যানিমেটেড ডকুমেন্টরি ‘বুবুর দেশ’ প্রদর্শনী, শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালোবাসার মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ বিতরণসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালভাবে তিনি এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে উদ্বোধন করবেন।
মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহিদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ আজ রবিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সব শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া দলের অন্যান্য সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচিতে গ্রহণ করেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রামাণ্যচিত্র নির্মাণ ও ই-পোস্টার প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি প্রামাণ্যচিত্র এবং একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানিয়ে করোনা ভাইরাসজনিত বিদ্যমান পরিস্থিতিতে জনসমাগম পরিহার করে শেখ রাসেলে জন্মদিন উদ্যাপনের লক্ষ্যে ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রদর্শনযোগ্য ডিজিটাল/এলইিডি স্ক্রিনে প্রামাণ্যচিত্র এবং ই-পোস্টার ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
