প্রধানমন্ত্রীর দক্ষতায় দেশে করোনা মহামারি দেখা দেয়নি ------------মতিয়া চৌধুরী

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৫২

নেত্রকোনা প্রতিনিধি

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সারা দেশে এখন ধর্ষণের বিষয়ে আলোচনা হচ্ছে। ধর্ষণ এখন সমাজের ব্যাধি। ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ধর্ষকদের সাজার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন করেছে। কিন্তু তথাকথিত মানবাধিকার সংগঠন বলছে, এতে নাকি মানবাধিকার লঙ্ঘন হবে। এই যদি হয় অবস্থা তাহলে নারীর ক্ষমতায়ন  হবে না, নারীরা পিছিয়ে পড়বে।

গতকাল শনিবার বিকালে নেত্রকোনা পাবলিক হলে জেলা আওয়ামী লীগের  বর্ধিতসভায় প্রধান অতিথির ভাষণে মতিয়া চৌধুরী এ সব কথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে তা মোকাবিলার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিলেন বলেই দেশে করোনা মহামারি দেখা দেয়নি। তিনি বলেন, দেশে জিডিপির অবস্থা আশপাশের দেশগুলোর চেয়ে ভালো। করোনাকালীন দেশের অর্থনীতি বেগবান রয়েছে। তিনি দলের মধ্যে বিভাজন বন্ধ রেখে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপির পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিতসভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া সভায় বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, হাবিবা রহমান খান শেফালী এমপি প্রমুখ।