গ্রেফতার রাহানুরের রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২৩:০০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর নৃশংস হত্যার ঘটনায় নিহত শাহিনূরের ভাই রায়হানুরকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। রবিবার রিমান্ড আবেদনের জন্য শুনানির দিন ধার্য করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়।

সন্ধ্যা সাড়ে ৬টায় আদালত কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে রায়হানুরকে জেলহাজতে পাঠিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, রায়হানুরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, এদিকে চার জনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১২টার দিকে শাহিনূরের বাড়িসংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউপি সদস্য সোহরাব, মহিলা ইউপি সদস্য মমতাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, শাহিনূরের মা শাহিদা খাতুন, বোন আছিয়া খাতুন প্রমুখ। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান বক্তারা।