আশুলিয়ায় স্ত্রী হত্যার পর সিরাজগঞ্জে স্বামীর আত্মসমর্পণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১৮

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন খুনি স্বামী। পুলিশ তাকে আটক করেছে। তার নাম রিপন। সে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শিবরামপুর গ্রামের শুকচাঁদের ছেলে। নিহত স্ত্রী শাহিনুরের বাবার বাড়ি একই থানায়। শাহিনুর আশুলিয়ার জামগড়া এলাকার ভাটিকান নামক তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

রিপন সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় আত্মসমর্পণের পর হত্যার বিষয়টি পুলিশকে জানালে সেখান থেকে আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ শনিবার দুপুরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকার একটি বাড়ি থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার জানান, ‘রিপন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এই খবরের ভিত্তিতে আমরা আশুলিয়ার তার বাসায় গিয়ে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি শাহজাদপুরে থানায় আটক রিপন মিয়াকে আশুলিয়া থানায় আনার প্রক্রিয়া চলছে। রিপনকে আশুলিয়া থানায় আনার পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।