যুবক রায়হানের শরীরে ১১১ আঘাত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:৪৫

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মারা যাওয়া রায়হান আহমদের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারী  চিকিত্সকরা। এর  মধ্যে ১৪টি গুরুতর আঘাত  ছিল বলে উল্লেখ করা হয় এবং  মৃত্যুর দুই থেকে চার ঘণ্টা আগে নির্যাতন চালানো হয় বলে রিপোর্টে বলা হয়।

রায়হানের হাতের কনিষ্ঠ আঙুল ও নখ উপড়ানো ছিল। অসংখ্য আঘাতের কারণে মস্তিষ্ক, হূিপণ্ড, ফুসফুস, কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কর্মক্ষমতা হারানোতে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পূর্ণাঙ্গ কারণ ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার চামড়ার নিচে প্রায় দুই লিটার রক্ত পাওয়া গেছে।

সিলেট  ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ রায়হান আহমদের মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত শেষে তদন্তের রিপোর্ট পিবিআইর কাছে হস্তান্তর করে। রায়হান হত্যার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলার তদন্ত করছে পিবিআই।

সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, ১০ অক্টোবর রাত ৩টা ৯ মিনিট ৩৩ সেকেন্ডে স্বাভাবিক অবস্থায় রায়হানকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে আনা হয়। পরে সকাল ৬টা ২৪ মিনিট ২৪ সেকেন্ডে ফাঁড়ি থেকে বের করা হয়। ৬টা ৪০ মিনিটে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।