সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভেদ ছড়ানোর চেষ্টার অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।
অভিনেত্রীর বোন তথা তার ম্যানেজার রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধেও মামলা দায়েরের নির্দেশ দেন ভারতের বান্দ্রা মেট্রোপলিটন আদালত।
মুনওয়ার আলি সায়েদ নামের এক কাস্টিং ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর অনুচ্ছেদের ১৫৩এ, ১৯৫এ এবং ১২৪ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।
আদালতকে মুনওয়ার জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে কঙ্গনা ও তার বোনের সাক্ষাৎকার, মন্তব্য দেখছেন তিনি। দুজন মিলে ক্রমাগত বলিউড তারকাদের আক্রমণ করে চলেছেন। এমনকি ধর্মীয় উসকানিমূলক মন্তব্যও করেছেন। কঙ্গনা তার টুইটে মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন।
সাঈদ তার অভিযোগে আরও বলেছেন, কঙ্গনা খুব ভালো করেই জানান, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী।তার টুইট সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে।
কিসের কারণে কঙ্গনা ক্রমাগত এমন মন্তব্য করে চলেছেন তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন মুনওয়ার। সে জন্যই এই দুজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছিলেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ
