মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় চালাতে পারে চীন

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:১০

চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে গত কয়েক মাস আগে চীনের কয়েকজন গবেষককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ওই গবেষকদের বিচারের কার্যক্রমও শুরু হয়েছে। তবে এই বিচার কার্যক্রম বন্ধ না করলে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হবে বলে যুক্তরাষ্ট্রের সরকারকে সতর্ক করে দিয়েছে চীন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, একাধিক মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে বারবার বিচারকাজ বন্ধ করার জন্য সতর্ক বার্তা দিয়েছে।

চীন ওই সতর্ক বার্তায় জানায় যে যুক্তরাষ্ট্রের উচিৎ গবেষকদের বিচার প্রক্রিয়া বন্ধ করা আর তা না হলে চীনে থাকা মার্কিন নাগরিকদেরর  আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকদের চীন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 
 
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের পক্ষ থেকে এখন কোনো মন্তব্য করা  হয়নি। 

যুক্তরাষ্ট্রের  ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে যে চীন তাদের দেশ থেকে বুদ্ধিবৃত্তিক   সম্পদ চুরি  করছে। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে। 

গত জুলাইতে চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশের দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র হাতে গ্রেফতার হন চীনের তিন গবেষক। মার্কিন গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, চীনের সেনাবাহিনীর পক্ষ হয়ে  তারা মার্কিন প্রতিষ্ঠানে গবেষণা করতে চেয়েছিলেন। এরপর গত মাসে নিরাপত্তা ঝুঁকিতে এক হাজারের বেশি চীনা শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।  

ইত্তেফাক/এআর