মিলানকে ডার্বি জেতালেন ইব্রা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:৫৯

স্পোর্টস ডেস্ক

দিন পনেরো আগে ৩৯ ছুঁয়েছে জ্লাটান ইব্রাহিমোভিচের বয়স। এ বয়সে খেলে যাওয়াটাই যেখানে বিস্ময়ের, সেখানে সুইডিশ স্ট্রাইকার দিব্যি খেলে যাচ্ছেন প্রথম একাদশে থেকে, দলকেও জেতাচ্ছেন হরহামেশাই! তার জোড়া গোলেই মিলান ডার্বিতে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান।

বয়সের সঙ্গে সঙ্গে ইব্রার পথ আগলে দাঁড়িয়েছিল করোনা ভাইরাসও! গেল সপ্তাহে করোনামুক্ত হওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ। আর তাতেই বাজিমাত! ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয় গোলের দেখা পান এর মিনিট তিনেক পরই। তাতেই ম্যাচটা চলে যায় মিলানের হাতের মুঠোয়।

২৯ মিনিটে রোমেলু লুকাকুর গোল ইন্টার শিবিরে আশা জাগালেও সমতাসূচক গোর দেখা পায়নি দলটি। ফলে চলতি শতাব্দীতে প্রথমবারের লিগের শুরুতে টানা চার ম্যাচেই জয় নিশ্চিত করে এসি মিলান। এমন কীর্তির পর কোচ স্টেফান পিওলি প্রশংসায় ভাসালেন চলতি মৌসুমে তিন ম্যাচে পাঁচ গোল করা ইব্রাকেই। বললেন, ‘সে অসাধারণ। প্রতিভা, দৃঢ়তা আর চরিত্র দিয়ে দলে বাড়তি কিছুই যোগ করে সে।’