স্পোর্টস রিপোর্টার
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত শেখ রাসেল সাত দেশ নিয়ে আয়োজিত অনলাইন আন্তর্জাতিক শুটিংয়ে স্বর্ণ জয় করতে পারেনি বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জাপানের নায়োইয়া ওখাদা (৬৩০.৯) স্বর্ণ জয় করেছেন। ভারতের সাহু তুষার মানে (৬২৩.৮) রৌপ্য জয় করেন। বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি (৬১৭.৩) ব্রোঞ্জ পেয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের নারী লড়াইয়ে সৈয়দা আতকিয়া হাসান দিশা শূন্য হাতে ফিরেছেন। এ ইভেন্টের তিনটি পদকই বাইরের দেশের শুটাররা নিয়ে গেছেন। ভারতের এলাভেনিল ভালারিভান (৬২৭.০) স্বর্ণ, জাপানের শিওরি হিরাতা (৬২২.৬) রৌপ্য এবং ইন্দোনেশিয়ার বিদ্যা রাফিকা রহমাতন তৈয়বা (৬২১.১) ব্রোঞ্জ জয় করেন। বাংলাদেশের দিশার স্কোর ছিল ৬১৬.৪। স্বর্ণ জয়ী ১ হাজার, রৌপ্য ৭০০ এবং ব্রোঞ্জ ৫০০ ডলার পুরস্কার পেয়েছেন। গুলশান শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলা শেষে ফেডারেশন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান পুরস্কার বিতরণ করেন।
