কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইনের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সতর্ক করাদের তালিকা থেকেও নাম কেটে দেওয়া হয়েছে ক্যারিবিয়ান এই স্পিনারের। এক বিবৃতি দিয়ে গতকাল রোববার আইপিএল জানায়, নারাইনের অ্যাকশনের ফুটেজ নানাভাবে পর্যবেক্ষণ শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে টুর্নামেন্টের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি। বিবৃতিতে তারা বলেছে, ‘পেছন ও পাশে থেকে নারাইনের অ্যাকশনের ধীর গতির ফুটেজ জমা দিয়ে আইপিএল সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে কেকেআর তার অ্যাকশনের আনুষ্ঠানিক মূল্যায়নের জন্য অনুরোধ করেছিল। কমিটি খালি চোখে নারাইনের পাঠানো অ্যাকশন ফুটেজের সব ডেলিভারি সাবধানে পর্যালোচনা করেছে এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তার কনুই অনুমোদিত সীমার মধ্যে বাঁকা হচ্ছে।’
