পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় আলুর দাম এখনো কমেনি। গত বুধবার খুচরা বাজারে ৩০ টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দেওয়া হয়। এর পরেও হাটবাজারে আলুর দাম কমছে না। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। শুধু আলু নয়, বাজারে প্রতিটি সবজির দাম চড়া। বাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করলেও বেশি দামের কারণে তা দরিদ্রদের ধরাছোঁয়ার বাইরে থাকছে। উপজেলার কৈকুড়ী, কান্দি ও পাওটানা হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আলু প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ২২০ টাকা, পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ টাকা, ছোট করলা ১২০ টাকা, বড় করলা ১০০ টাকা, মুলা ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, কচু ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা, টম্যাটো ১২০ টাকা, শসা ৫০ টাকা, ধনেপাতা ৩০০ ও লতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি কাঁচাকলা প্রতি হালি ২৫-৩০ টাকা, দেশি লেবু ২০ টাকা হালি করে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন, চলতি মৌসুমে কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে রবিশস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগাম সবজি নষ্ট হওয়ায় এখন বাইরের উপজেলা থেকে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। তাই সবজির দাম বেড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারী পরিচালক রোকসানা পারভীন বলেন, বর্তমানে রংপুর সদরে আমাদের অভিযান চলছে। তবে দ্রুত পীরগাছায় অভিযান পরিচালনা করা হবে।
