তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে রাবেয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল বলেন, ২৪ সেপ্টেম্বর জ্বর, সর্দি, কাশি, গলা ও মাথাব্যথা নিয়ে রাবেয়া বেগমকে হাসপাতালে আনা হয়। তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিত্সা করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। শনিবার বিকাল ৫টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ দেখা গেছে।
