জয়পুরহাটে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

জয়পুরহাট  প্রতিনিধি 

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুন্টু মিয়াকে শনিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুন্টু মিয়া সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার ধারকী প্রামাণিক পাড়ার আব্দুল মতিন জয়পুরহাট শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মুন্টু মিয়াসহ কয়েক জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে মতিনের বড় ভাই আলম হোসেন বাদী হয়ে সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যামামলা দায়ের করেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, মামলার পরেই পুলিশ আট আসামিকে গ্রেফতার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। অবশেষে শনিবার দিনাজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।