দাবি পূরণের আশ্বাস বন্দর চেয়ারম্যানের

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বারভিডার বৈঠক

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলা বন্দর দিয়ে আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি বন্দরে সংরক্ষণ ও বন্দর থেকে ছাড়করণ প্রক্রিয়ায় চলমান নানা জটিলতার বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের সংগঠন বারভিডার নেতারা। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সঙ্গে এ বৈঠক করেন তারা। বৈঠকে বারভিডার সভাপতি হকস বে অটোমোবাইলর্সের মালিক আব্দুল হক তাদের বেশ কিছু দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো—বন্দর এলাকায় বারভিডার নিজস্ব অফিস ও রেস্ট হাউজের জন্য জায়গা বরাদ্দ, করোনাকালীন দুর্যোগের কারণে তিন মাসের গাড়ি ভাড়া মওকুফ, গাড়ি ভাড়ার চার্জ কমানো, গাড়ির যন্ত্রাংশ চুরি রোধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও তাদের বন্দর জেটিতে প্রবেশের ক্ষেত্রে কার্ড প্রদান। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক। তাই কিছু কিছু তাত্ক্ষণিক মেনে নেওয়া হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।