ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের দাফন গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। তার নিজ গ্রাম মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁওয়ে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
দাফনের আগে নগরীর গঙ্গাদাস রোডস্থ মরহুমের নিজ বাসভবনের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, বিএনপি নেতা ফখরুদ্দিন বাচ্চু, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জানান, মোশাররফ হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
