নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:১০

১৮ অক্টোবর জাতীয় দিবস ঘোষণার দাবি

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মবার্ষিকী গতকাল রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শেখ রাসেলকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ, কেক কাটা, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে বক্তারা শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবরকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, মানবসভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না।

১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এদিকে গতকাল হাসুমণির পাঠশালার আয়োজনে উদ্বোধন করা হয় শেখ রাসেল ভার্চুয়াল গ্যালারির। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ নিয়ে গোলটেবিল আলোচনা, শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘আঁক তোমার স্বপ্ন’ শীর্ষক শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডাক অধিদপ্তর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেছে। এদিকে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের ছড়া আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করে।