বিশেষ প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-১ সড়কের ওপর কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা সেই নবজাতককে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঐ অধিদপ্তরে তাকে হস্তান্তর করে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিত্সক সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল আহসান বিপুল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সমাজসেবা অধিদপ্তরের কাছে নবজাতকটিকে হস্তান্তর করা হয়। অধিদপ্তরের কর্মকর্তা ইসরাত জাহান ভুঁইয়া তাকে বুঝে নেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর খিলক্ষেত নিকুঞ্জ-১ সড়কের ওপর কাপড়ের ব্যাগ থেকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা শিশু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে খিলক্ষেত থানা পুলিশ।
ডা. রেজওয়ানুল আহসান বিপুল জানিয়েছেন, ঢাকা শিশু হাসপাতালে নবজাতকটিকে ভর্তি করার পর থেকেই আমাদের কাছে প্রচুর ফোন আসছে তাকে দত্তক নেওয়ার জন্য। কিন্তু আমরা নিয়মানুযায়ী তাকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছি। তারা তাকে আজিমপুর শিশু নিবাসে রাখবে।
