পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে গতকাল রবিবার সাক্ষাত্ করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তার সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আগামী বছরের ১৭ ও ২৬ মার্চ দুটি বড় উত্সব হবে। আমরা চাই, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুন।
দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের বিষয়ে মন্ত্রী মোমেন বলেন, আগামী ডিসেম্বরে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের তারিখ এখনো নির্ধারণ হয়নি। এটি ১৭ তারিখে হতে পারে। ভারত ১৬ ডিসেম্বর বৈঠক করতে চেয়েছিল কিন্তু ঐ দিন আমরা যথেষ্ট ব্যস্ত থাকব। সে কারণে উভয়পক্ষের জন্য সুবিধাজনক একটি তারিখ ঠিক করব।
তিনি বলেন, নতুন হাইকমিশনারের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সীমান্ত বাহিনীর প্রধানরা প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনো ধরনের হত্যাকাণ্ড হবে না, কিন্তু হচ্ছে। হাইকমিশনার স্বীকার করেছেন, দুই পক্ষেই ঝামেলা আছে।
এয়ার বাবল ব্যবস্থায় শিগিগরই দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটি চালু হলে পররাষ্ট্র সচিব ভারতে যাবেন। তবে আমার বক্তব্য হলো, স্থল ও ট্রেনের মাধ্যমে মানুষের যাতায়াত চালু করা। কারণ আমাদের অধিকাংশ লোক গাড়িতে যায়।
