ইত্তেফাক ডেস্ক
উত্তপ্ত নাগর্নো-কারাবাখে কার্যকর হওয়ার চার মিনিটের মাথায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে আজারবাইজান। খবর বিবিসি ও ডয়চেভেলের
শনিবার মধ্যরাতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরত কার্যকর হয়েছিল। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান স্টেপানিয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেল ও রকেট হামলা করে আজারবাইজান। তারা আবারও যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, তারা আর্টিলারি শেল ও রকেট নিক্ষেপ করেছে।
অন্যদিকে আজারবাইজানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে দায়ী করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আর্মেনিয়া সেনারা মর্টার শেল ও আর্টিলারি নিক্ষেপ করেছে। তবে নতুন এ হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে এক যৌথ বিবৃতিতে শনিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন ঘোষণা দেয় দুই দেশ। ২৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার মিত্র আর্মেনিয়া ও তুরস্কের মিত্র আজারবাইজানের মধ্যে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত চলছে। সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাগার্নো-কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে তাদের ৬৭৩ জন সৈন্যের প্রাণ গেছে। এদিকে আজারবাইজান দাবি করেছে, তারা আর্মেনিয়ার সু-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
