কলারোয়ায় একই পরিবারে চার খুন

নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুর পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:২৬

সাতক্ষীরা প্রতিনিধি ও কলারোয়া সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী খুনের ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার আমলি আদালত-৪-এর ভারপ্রাপ্ত বিচারক ইয়াসমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। 

সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায় জানান, দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসমিন নাহারের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সিআইডির কর্মকর্তা। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তিনি আরো জানান, গত শুক্রবার কলারোয়ায় চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে নিহতের ছোট ভাই রাহানুর রহমানকে আদালতে পাঠায় সিআইডি।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোরে কলারোয়ার খলসি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, পুত্র মাহি ও কন্যা তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। অক্ষত থেকে বেঁচে যায় পাঁচ মাস বয়সি শিশু কন্যা মারিয়া।