রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচন বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে বিএনপি ভোট বর্জন করেছে। শনিবার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি এই নির্বাচনকে একটি প্রহসন ও ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবি করেছে। বিএনপি এই উপনির্বাচনকে বয়কট করে গতকাল রবিবার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়।
গতকাল দুই উপজেলার কোথাও হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলেছে। সব দোকান, হাটবাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতোই খোলা দেখা গেছে। অন্যান্য দিনের মতো সকল যানবাহনকে নিয়মিত চলাচল করতে দেখা গেছে। কোথাও বিএনপির কোনো মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সেমিনার করতে দেখা যায়নি। হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
