হোতা দেলোয়ার সাত দিনের রিমান্ডে, হত্যাসহ দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:৩০

জেলার বেগমগঞ্জে নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ ও  তা ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনকে তিন মামলায় সাত দিনের রিমান্ড আদেশ প্রদান করেছে আদালত। গতকাল রবিবার সকালে দেলোয়ারকে জেলা কারাগার থেকে জেলার ৩ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে  বেগমগঞ্জ  থানায় দায়েরকৃত তিন মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে  শুনানি শেষে আদালতের বিচারক  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক ধর্ষণ মামলায় পাঁচ দিন এবং অস্ত্র এবং বিস্ফোরক আইনের  মামলায় এক দিন করে দুই দিনসহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ অক্টোবর ধর্ষণ  মামলাটি থানায়  দায়ের করেন নির্যাতনের শিকার নারী। তিনি মামলায় দেলোয়ারকে প্রধান আসামি করেন। অস্ত্র এবং বিস্ফোরক আইনে  মামলা দুইটি আগের দায়েরকৃত। এ দুই মামলায়ও তিনি প্রধান আসামি।

একই আদালতে দেলোয়ারকে একটি হত্যা ও অন্য একটি মারামারির মামলায় তাত্ক্ষণিক গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট)  দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তা মঞ্জুর করে। গত ফেব্রুয়ারি মাসে একলাশপুরের  পার্শ্ববর্তী শরিফপুরে  কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় হাসান নামের এক যুবক। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। এরপর আগস্টে একলাশপুরে অন্য একটি মারামারির মামলায় তিনি হন প্রধান আসামি। এই দুই মামলায় তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তাক আহমেদ।