বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার বাসায় গুজব ছড়িয়ে ব্যাপকহারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।
গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সাংবাদিক পীর হাবিবের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দায়িত্বশীল ভূমিকার জন্য পুলিশকে ধন্যবাদ জানান। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
