খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে ----------------- ফখরুল

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০০:০২

নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ উন্মোচন করতেই বিএনপি নির্বাচনে গেছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

গতকাল রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে। ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।

এই দাবিতে আজ ১৯ অক্টোবর সোমবার জেলা ও মহানগরে এবং কাল ২০ অক্টোবর মঙ্গলবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জেলখানায় থাকা আর বাসায় থাকার মধ্যে একটিই পার্থক্য যে তিনি ঘরোয়া পরিবেশে থাকতে পারছেন। এর বেশি কিছু নয়। আসলে তিনি গৃহে অন্তরীণ। বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। কোভিড পরিস্থিতিসহ পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিত্সা পেতে সমস্যা হচ্ছে।