বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনদাতার সৌজন্যে সংবাদ শিরোনাম প্রচারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে বিজ্ঞাপনদাতার সৌজন্যে সংবাদ শিরোনাম প্রচারের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বেসরকারি টিভি চ্যানেলে বিজ্ঞাপনদাতার নামে বা সৌজন্যে সংবাদ শিরোনাম বা সংবাদের সেগমেন্ট প্রচার করা যাবে না মর্মে গত বছরের ৬ মে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে চ্যানেল ২৪, চ্যানেল আই, দীপ্ত টিভি ও বিটিআরসি। আদালতে তিন টিভি চ্যানেলের পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন, মুরাদ রেজা, এম আসাদুজ্জামান ও বিটিআরসির পক্ষে খন্দকার রেজা-ই রাকিব শুনানি করেন। শুনানি শেষে লিভ টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ। প্রসঙ্গত টিভি চ্যানেলে বিজ্ঞাপনদাতার নামে সংবাদের শিরোনাম প্রচারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালে হাইকোর্টে রিট করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এম মতিন।
