যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০০:০৫

ইরানের ওপর দীর্ঘসময় ধরে থাকা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ১৩ বছর ধরে থাকা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার আওতায় গতকাল এই নিষেধাজ্ঞার অবসান হয়েছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়েছিল, ইরান যদি সমঝোতা মেনে চলে তাহলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজকে (রবিবার) থেকে ইরানের ওপর থেকে অস্ত্র সংক্রান্ত সব ধরণের নিষেধাজ্ঞা উঠে গেলো। এর ফলে ইরান এখন চাইলেই যে কোনো অস্ত্র কিনতে বা বিক্রি করতে পারবে। মিসাইল, ট্যাংক, হেলিকপ্টার কিংবা আরো বিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রেও আর কোনো বাঁধা থাকছে না দেশটির জন্য। ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা গত কয়েক মাস ধরে অব্যাহত প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য ইরানের ওপর এই অন্যায় নিষেধাজ্ঞা বহাল রাখার বিপক্ষে। —আলজাজিরা ও পার্সটুডে