ডেমরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিতা- পুত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০০:৪৩

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খঁ‎ুটিতে ধাক্কা লেগে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহত ছেলের নাম রাহিম ভুইয়া (২২) আর পিতার নাম আনিস উদ্দিন ভুইয়া বাবুল (৫৫)। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে নির্মম এ ঘটনা ঘটে। জানা গেছে, আনিস উদ্দিন ভুইয়া বাবুল গ্রিন রোডের টাইলস ব্যবসায়ী। তার বাড়ি ডেমরার মাতুয়াইলের মধ্যপাড়ায়। আর রাহিম তার বড় ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আনিসের ভাইয়ের ছেলে নাজমুল ইসলাম জানান, বড় ছেলে রাহিম ও ছোটো ছেলে ফাহিমকে নিয়ে গতকাল বিকালে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে গিয়েছিলেন আনিস উদ্দিন। মোটরসাইকেল সার্ভিসিংয়ের পর ডেমরার রঘুপাড়ায় নিজেদের জমি দেখতে গিয়েছিলেন তারা। সেখান থেকে দুটি মোটরসাইকেলে বাসায় ফিরছেলেন দুই ছেলে ও বাবা। ছোটো ছেলে ফাহিম মোটরসাইকেল চালিয়ে একা ফিরছিলেন। অপর মোটরসাইকেল চালাচ্ছিলেন রাহিম। বাবা আনিস তার পেছনে বসেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কোনাপাড়ার পাইটি এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে রাহিমের মোটরসাইকেলটি। বাবা-ছেলে ছিটকে পড়েন। ফাহিম তাদের পেছনেই আসছিলেন মোটরসাইকেল চালিয়ে। তিনি মোটরসাইকেল থামিয়ে দেখেন, তার ভাই নড়াচড়া করছেন না। ঘটনাস্থলেই মারা গেছেন। এরপর রাহিম ও আনিসকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতলের চিকিত্সক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই রাহিমের মৃত্যু হয়েছে। আনিসকে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাহিমের লাশ রাতেই বাসায় নেওয়া হয়। একইসঙ্গে বাবা ছেলের মৃত্যুতে শোক নেমে আসে স্বজনদের মধ্যে।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানার পরই ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, বাবা-ছেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন।