অস্বাস্থ্যকর স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য মজুদ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে কক্সবাজারের কলাতলীর নিরিবিলি অর্কিড, সল্ট রেস্টুরেন্ট ও ম্যাকডেরীন রেস্তোরাঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হোটেল মোটেল জোন এলাকার এসব রেস্টুরেন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমার নেতৃত্বে অভিযান চালানো হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা বলেন, লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য একসাথে মজুদ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা, যথাযথ ভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এই তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা আনসার বাহিনী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরান হোসেন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান,সামনে আসছে পর্যটন মৌসুম। তখন আসবে লাখো পর্যটক। পর্যটকদের স্বাস্থ্য বিধি ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এখন থেকেই নিয়মিত তদারকি শুরু করা হয়েছে। পর্যটন মৌসুম শেষ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমআরএম
