কামারখন্দে বিধবাকে সন্তানসহ স্বামীর বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৩:৩৯

সিরাজগঞ্জের কামারখন্দে হেলেনা বেগম নামে এক বিধবাকে তার স্বামীর বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন তার ভাসুর, দেবর ও তাদের ছেলেরা। বিধবা ওই নারী উপজেলার বড়ো পাকুরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার স্ত্রী। এ ঘটনায় ওই নারীর বড়ো ছেলে তামিম হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে শনিবার থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বিধবা ওই নারী ও তার দুই ছেলেকে নিয়ে বসত ভিটা ছেড়ে না যাওয়ায় প্রায় সময়ই তাদের মারপিট করে তার ভাসুর, দেবর ও তাদের ছেলেরা। এমতাবস্থায় গত ১১ অক্টোবর সড়কে ধান শুকানোকে কেন্দ্র করে বিধবা ওই নারীকে লাঠি ও লোহার রড দিয়ে বেধম মারপিট করে তার ভাসুর, দেবর ও তাদের ছেলেরা। এক পর্যায়ে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ মারতে গেলে ওই নারী সরে গেলে তার পায়ে কোপ লাগে। পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে সেখানে তেমন চিকিৎসা না পেয়ে গত শুক্রবার রাতে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক জানান, বিধবা হেলেনার শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। হেলেনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিধবা ওই নারীকে মারপিটের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

ইত্তেফাক/এমআরএম