চন্দনাইশে প্রাথমিক শিক্ষায় লোকবল সংকট! খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৫:৪০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লোকবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বিদ্যালয় গুলোকে লোকবল সংকট থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন তৎপরতা নেই। ফলে চন্দনাইশে কোমলমতি শ্ক্ষিার্থীদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিভাবকরাও পড়েছেন দু:চিন্তায়।

৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত চন্দনাইশ উপজেলায় মোট ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারমধ্যে ৫৭ টি গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় এ সংকট দেখা দিয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক পদে ৫ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ৪৭জন এবং সহকারী শিক্ষা অফিসার ১জন, উচ্চমান সহকারী পদে ১জন, অফিস সহকারী পদে ২জন এবং অফিস সহায়ক পদে ১টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। 

শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে চরমবিঘ্ন ঘটছে। আর যে সব ৫টি বিদ্যালয় প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এগুলো হলো উত্তর জাফরাবাদ দায়েমীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর ধোপাছড়ি মঙ্গলার মুখ প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছামুক ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

উত্তর ধোপাছড়ি মঙ্গলার মুখ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার দে এবং দক্ষিণ জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতি ও শিক্ষক সংকটের কারণে শিক্ষার ক্ষেত্রে চরম আঘাত হচ্ছে। 

চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের  সাথে যোগাযোগ করা হলে সত্যতা স্বীকার করে জানান, বেশ কয়েকবার এ উপজেলায় শিক্ষক সংকটে কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করা হয়েছে। 

শিক্ষক সংকটের কথা জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল হক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। জলদি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন করা হবে।

ইত্তেফাক/এমএএম