সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী সাতজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৮১ জনে।
করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৭১৪টি।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ পাঁচ হাজার ৫৯৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ১৪৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৭১৪টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৩২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৭১ জন (৭৬ দশমিক ৯৪ শতাংশ) ও নারী এক হাজার ৩১০ জন (২৩ দশমিক ০৬ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহী তিনজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।
ইত্তেফাক/কেকে
