উপকূলের মানুষের পাশে বাংলাদেশ কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন 

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:১১

করোনা পরিস্থিতির দুঃসময়ে দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনার অসহায়, শ্রমজীবী-হতদরিদ্র পরিবারগুলোর পাশে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার মতো বাংলাদেশ কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিসিডিএফ) নামক সেচ্ছাসেবক সংস্থাটিও তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

এই সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কৃষিবিদ ডক্টর মো. সগিরুল ইসলাম মজুমদার। তিনি নিজেও উপকূলীয় এলাকার বাসিন্দা। যিনি জাপান সরকারের মনোবুশো বৃত্তি নিয়ে কৃষি বিষয়ে ইউনিভার্সিটি অব দ্যা রিকুস থেকে এম এস এবং কাগোসিমা ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর বিদেশে সুন্দর ক্যারিয়ার গড়ার সুযোগ গ্রহণ না করে দেশ মাতৃকার টানে উপকূলীয় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। 

তিনি ব্যক্তিগত তহবিল থেকে বিসিডিএফ এর ব্যানারে বরগুনায় করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ দুস্থ, অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, তেল, আলু, লবণ, শুকনা মরিচ, সাবান ইত্যাদি বিতরণ করেন। এরপর করোনা ভাইরাস মোকাবেলায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার মতো তিনিও বরগুনা জেলার ১০০ কৃষক পরিবারের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করেন। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। 

বিসিডিএফ নিয়ে ড. মজুমদারের ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হতে গেলে বিস্তৃত পরিসরে কাজ ছাড়া সম্ভব নয়। এক্ষেত্রে আমার এই সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিস্তৃত পরিসরে সমগ্র উপকূলীয় এলাকার জনমানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, স্যানিটেশন, অর্থনীতি, জলবায়ু পরিবর্তনে সরকারের সহযোগী হিসেবে কাজ করার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোই আমার উদ্দেশ্য।

ইত্তেফাক/কেকে