ফরিদপুরে শতবর্ষী স্কুল মাঠ রক্ষার্থে মানববন্ধন 

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:৫৮

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শত বছরের পুরানো খেলার মাঠে বাণিজ্যিক ভবন, দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রতিবাদে তারা ওই মাঠের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

রবিবার (১৮ অক্টোবর) ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে কয়েক’শ এলাকাবাসী অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যের মধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল ফকির ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: শিবচর উপজেলা পরিষদ উপনির্বাচন ২০ অক্টোবর

বক্তারা বলেন, জেলার মধ্যে কৃষ্ণপুর বিদ্যালয়টি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে এলাকার ছেলেরা প্রতিদিন খেলাধুলা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে এসেছিলেন। মাঠটি কৃষ্ণপুর বাজারের পাশে হওয়ায়, শুধুমাত্র আর্থিক লাভবানের চিন্তা করে বর্তমান বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা সেখানে বাণিজ্যিক ভবন ও দোকান ঘর নির্মাণ করছেন। এলাকাবাসী এর প্রতিবাদ জানালেও তা কর্ণপাত করছে না পরিচালনা পর্ষদ। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও দৃশ্যত কোন ফলাফল পাওয়া যায়নি। 

বক্তারা এসময় আরও বলেন, তারা সরকারের দায়িত্বশীলদের কাছে দাবি জানাচ্ছেন, যে বাচ্চাদের খেলার পরিবেশ নষ্ট করে খেলার মাঠে কোন দোকান নির্মাণ না করা হয়। 

ইত্তেফাক/এএএম