সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের এই রাস্তায় প্রায় এক যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে রাস্তাটি চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বাশুড়িয়া গ্রামে প্রায় এক হাজার মানুষের বসবাস। বর্তমানে রাস্তাটি অনেক সরু হয়ে গেছে। যেখানে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করতেও খুব কষ্ট হয়। ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চলাচলের ফলে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। রাস্তাটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে কৃষিপণ্য নিয়ে যাওয়ার সময় অটোভ্যান বা অন্য বাহন উলটে যায়, আবার কখনো কখনো ভেঙে পড়ে যাত্রীরা আহত হন। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
