মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী থেকে কান্দাপাড়া হয়ে উল্লাপাড়া পর্যন্ত সংযোগসড়ক খানাখন্দে বেহাল। ১৮ কিলোমিটার এ সড়কের বিভিন্ন স্থানে পিচ, সুরকি, ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ঐসব গর্তে পানি আটকে থাকে। এতে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
সরজমিনে দেখা যায়, বেলকুচি উপজেলার মামুদপুর, কামারপাড়া, কান্দাপাড়া মবুপুরের বিভিন্ন অংশে সড়কে অবস্থা বেশ খারাপ। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কান্দাপাড়া বাজার থেকে উল্লাপাড়া পর্যন্ত। আব্দুস সালাম, রহিমা বেগম, স্কুলছাত্রী কানিজ ফাতেমা জানান, এই সড়কটি দিয়ে যানবাহন দূরে থাক হেঁটে চলাই কঠিন হয়ে পড়েছে।
ভ্যানচালক আরিফ জানান, রাস্তায় গর্তে পানি থাকায় গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। জরুরিভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন। আরেক ভ্যানচালক আব্দুল কাদের জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারি না। উল্লাপাড়া থেকে আগত সিএনজিচালক শরীফ জানান, সড়কের জায়গায় জায়গায় ছোট-বড় গর্তের কারণে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়। এ ব্যাপারে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল জানান, সড়কের দুরবস্থার বিষয়টি জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীকে জানিয়েছি। অচিরেই কাজ হওয়ার কথা। এ ব্যাপারে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী ফেরদৌস জামান জানান, সড়কটি সংস্কারের জন্য দ্রত পদক্ষেপ নেওয়া হবে।
