বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সদরসহ বাজারের পুরাতন ব্রিজ ও নতুন ব্রিজের পূর্বপাশে ছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে সড়কের ধারে বিপজ্জনকভাবে রেখে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি করছে মুদি, রড ব্যবসায়ীসহ অনেকে। এসব ব্যবসায়ীর অধিকাংশেরই নেই সিলিন্ডার বিক্রির লাইসেন্স। বদলগাছী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ব্যবসায়ীরা যেভাবে রাস্তার ধারে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহা আবু তাহির বলেন, এসব ব্যবসায়ীকে জ্বালানি অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে।
