স্টাফ রিপোর্টার, রাজশাহী
দুর্নীতির মামলায় রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক মীর শফিকুল ইসলাম তা নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ২০১৮ সালে গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ উমরুল হক অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তে করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি আরো জানান, দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন মামলাটি তদন্ত করে গত ২২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে কলেজের ৭২ লাখ ৪২ হাজার ৭৩০ টাকা অত্মসাতের অভিযোগ আনা হয়।
