বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২১

বরিশাল অফিস

জাতীয় সংসদের উপনির্বাচনে জালিয়াতি ও কারচুপির প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বক্তৃতা করেন জেলা উত্তরের সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যরা। এর আগে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপি একই দাবিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। মহানগর বিএনপির সহসভাপতি রুনু সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা। বক্তারা উপনির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে নির্বাচন বাতিল করে ফের উপনির্বাচনে ভোট গ্রহণের দাবি জানান।