সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২৪

মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গাপূজা

মাগুরা প্রতিনিধি মাগুরায় এ বছর ৫৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শিল্পীরা শেষ তুলির আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। তবে করোনা ভাইরাসের কারণে পূজাকে কেন্দ্র করে জেলায় তেমন জাঁকজমক নেই। শহরের থানাপাড়া পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন হবে। সেজন্য মণ্ডপে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে।

পূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১১৪টি মণ্ডপ পরিচালনা কমিটির কাছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের জিআরের ৫৭টন চালের ডিও বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক ডিও বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, তারিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

থানা পুলিশের মতবিনিময় সভা

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষুম ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে কালিহাতী থানা পুলিশের আয়োজনে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী থানার ওসি মো. সওগাতুল আলমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. রাসেল মনির।

ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মানববন্ধন

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা ঘুষ, দুর্নীতি, ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিঠাপুকুর উপজেলা শাখা। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খোকা প্রমুখ।

জেলা নেটওয়ার্কের সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের জেলা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি হোটেলে সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সহসভাপতি অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন অক্সফাম প্রতিনিধি কাজী রাবেয়া আক্তার এ্যানি।

৫৮ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে উপজেলার ৫৮ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার এ টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার প্রমুখ।

আর্থিক সহায়তা পেলেন ৭৫ জন সাংবাদিক

ভোলা (উত্তর) প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন ভোলায় ৭৫ জন সাংবাদিক। সোমবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের হাতে এ সহায়তার চেক তুলে দেন ভোলা-৩ ও ভোলা-২ আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন এবং আলী আজম মকুল। চেক বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।

মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে চেক প্রদান

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা চান্দিনায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মধ্যে চেক প্রদান করেছে জেলা পরিষদ। সোমবার উপজেলার মহিচাইল বাজারে জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে চেক বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজলুল করিম চেয়ারম্যান, সামছুল আলম চেয়ারম্যান প্রমুখ।

পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

গাইবান্ধা প্রতিনিধি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের জন্য সোমবার গাইবান্ধায় কর্মবিরতি ও মানববন্ধন করা হয়। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) গাইবান্ধা সদর উপজেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। শহরের ডিবি রোডের ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা শাখার ফারিয়ার সভাপতি সরফরাজ নেওয়াজ, সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া প্রমুখ।ত্