জানুয়ারিতে প্রিমিয়ার লিগ শুরুর আশা

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চলতি বছরে শুরু হচ্ছে না। আগামী বছরের শুরুতেই প্রিমিয়ার লিগ শুরুর আশা করছে বিসিবি। বিকেএসপিতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে লিগ আয়োজন করতে চায় বিসিবি। জানুয়ারিতে লিগ শুরু হলে ক্লাবগুলোকে খেলতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া। কারণ ঐ সময় বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেছেন, ‘এ বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। তার পরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয় না সম্ভব হবে।’

জানুয়ারিতে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিগ খেলতে হবে ক্লাবগুলোকে। সুজন বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা প্রিমিয়ার লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরা তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারব না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ স্বাভাবিক। কারণ দুটো তো কখনোই একসঙ্গে করা যাবে না।’

ক্লাবগুলো রাজি না হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের পর লিগ শুরু হতে পারে। সেক্ষেত্রে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়বে। কারণ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের।

প্রিমিয়ার লিগ নিয়ে এখনো তোড়জোড় নেই লিগের নিয়ন্ত্রক সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। ক্লাবগুলোর সঙ্গে মিটিংয়েই বসেনি সিসিডিএম। জানা গেছে, বিসিবি প্রেসিডেন্টস কাপের পর লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে মিটিং করবে সিসিডিএম।