জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
আগের রাতেই ৩৮ বছর বয়সি শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের শিরোপা জেতে খাইবার পাখতুন। এর পরের দিনই দুঃসংবাদ শুনলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের ২২ সদস্যের প্রাথমিক দলেও ঠাঁই হয়নি সাবেক এই অধিনায়কের।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল সম্ভাব্য ২২ সদস্যের নাম ঘোষণা করে। সেখানে শোয়েব মালিক ছাড়াও নেই আরো দুই অভিজ্ঞ ক্রিকেটার—সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আবদুল্লাহ শফিক।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে আগামীকাল লাহোরে দল একত্রিত হয়ে কোভিড-১৯ টেস্ট করবে। এরপর পাঁচ দিন তাদের আইসোলেশনে থাকতে হবে। রাওয়ালপিন্ডি যাওয়ার আগে ২৬ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামে দলটি নিজেদের মধ্যে একটা ৫০ ওভারের ম্যাচ খেলবে।
৩০ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।
২২ সদস্যের পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহেল নাজির, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওহাব রিয়াজ ও জাফর গওহর।
