‘আইপিএলের সেরা ম্যাচ’

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪১

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সুপার ওভারের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে সেই ম্যাচে রবিবার রাতে মূল ম্যাচ হয় টাই, পরে সুপার ওভারও টাই। দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।

রুদ্ধশ্বাস উত্তেজনা ও নাটকীয়তার কমতি ছিল না এ ম্যাচে। অনেকের চোখেই তাই ম্যাচটা আইপিএলের ইতিহাসের সেরা ম্যাচ। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি তো এক টুইটে বলেই দিলেন, ‘আইপিএলের সব সময়ের সেরা ম্যাচ।’

তার সঙ্গে সুর মিলিয়ে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘এবারের আইপিএলের সেরা ম্যাচ—সত্যি বলতে, হয়তো সব আসর মিলিয়েই সেরা! দুই দলেরই সুযোগ ছিল, তারা হাতছাড়া করেছে। দুই দলই দারুণ পারফর্ম করেছে এবং সব মিলিয়ে চোখ ধাঁধানো এক ম্যাচ পেয়েছি আমরা।’

রবিবারের প্রথম ম্যাচটিও শেষ হয়েছে সুপার ওভারে। আইপিএলের ৩৫তম ম্যাচে সুপার ওভারে মাত্র দুই রান করা সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। অর্থাত্, একই দিন দুই ম্যাচে তিন বার সুপার ওভারের খেলা দেখল ক্রিকেট বিশ্ব।

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ মজা করে লিখেছেন, ‘এক দিনেই দুটি সুপার ওভার, খুবই অন্যায়! ২০২০ সালের সেরা ব্যাপার এই আইপিএল, সেটা উপযুক্ত কারণেই।’