এসআর গ্রুপের আরো তিন রেস্টুরেন্টের ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

এস আর গ্রুপের বগুড়ায় অবস্থিত ফুড ভিলেজ ও ফুড ভিলেস প্লাস নামক দুইটি প্রতিষ্ঠানে বিপুল ভ্যাট ফাঁকি উদ্ঘাটনের পর ফের একই গ্রুপের আরো তিনটি রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির হদিস মিলেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে অবস্থিত সুং ফুড গার্ডেন, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত গার্লিক এন জিঞ্জার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে প্রতিষ্ঠান তিনটির সোয়া ৩২ কোটি টাকার গোপন বিক্রির তথ্য উদ্ঘাটন করা হয়। এসব প্রতিষ্ঠানে ৭ কোটি ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় প্রমাণ পেয়েছে গোয়েন্দা বিভাগ। ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে মামলা হয়েছে। সব মিলিয়ে একই গ্রুপের নতুন তিনটিসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে প্রায় ২৫০ কোটি টাকা বিক্রির তথ্য গোপন করার মাধ্যমে সাড়ে ৩৬ কোটি টাকা ফাঁকি দেওয়া হয়েছে বলে গোয়েন্দা বিভাগের দাবি।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সুং গার্ডেন ২১ কোটি ৮০ লাখ টাকা বিক্রয়ের বিপরীতে সরকারের খাতায় দেখিয়েছে ৬ কোটি ৩৪ লাখ টাকা। ভ্যাট ফাঁকি ২ কোটি ৩২ লাখ টাকা এবং সময়মত পরিশোধ না করায় আরো ১ কোটি ২ লাখ টাকা সুদ যোগ হয়েছে। ধানমন্ডির গার্লিক এন জিঞ্জার ১৫ কোটি ৭ লাখ টাকা বিক্রয়ের বিপরীতে প্রদর্শন করেছে ৩ কোটি ৪৬ লাখ টাকা এবং যমুনা ফিউচার পার্কে অবস্থিত গার্লিক এন জিঞ্জার সাড়ে ৭ কোটি টাকা বিক্রয়ের বিপরীতে দেখিয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকা।