ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক মুদ্রার এ মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৬৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হলো। এর আগে স্বর্ণমুদ্রা দুইটির মূল্যমান ছিল ৫৩ হাজার টাকা। বর্তমানে দুই ধরনের স্বর্ণ স্মারক মুদ্রা রয়েছে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ১০০ টাকা মূল্যমানের স্বর্ণমুদ্রাটি তৈরি হয়েছে ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে। এর আগে ২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০ টাকা মূল্যমানের ২২ ক্যারেট মানের স্বর্ণ স্মারক মুদ্রা ছাড়া হয়।
