পাঁচ দফা দাবিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের সাপ্তাহিক ছুটি, টিএ-ডিএ, সপ্তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, চাকরির নিরাপত্তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রূপগঞ্জ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় তারা এ মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইজ্জত আলী। বক্তব্য রাখেন আব্দুর রশিদ, হেলাল মাহমুদ, আমিনুল ইসলাম, হীরক মোল্লা প্রমুখ। সভায় ৫ দফা দাবি উল্লেখ করে বক্তারা বলেন,  তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোম্পানির ওষুধ বিপণনে দিনরাত পরিশ্রম করেন। অথচ তাদের দীর্ঘদিনের দাবি মানা হচ্ছে না। অবিলম্বে তাদের এই ৫ দফা দাবি বাস্তবায়ন না করলে  তারা অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।