ইত্তেফাক রিপোর্ট
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আগাম জামিন স্থগিত চেয়ে দুদকের করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গত ৫ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আউয়াল দম্পতিকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আউয়াল দম্পতির পক্ষে শেখ আওসাফুর রহমান বুলু শুনানি করেন। গত ৩০ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে আউয়াল দম্পতির বিরুদ্ধে মামলা দুটি করেন।
