টাঙ্গাইল প্রতিনিধি
কালিহাতী উপজেলার পালিমায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আমান আলী মণ্ডল (৮০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল সোমবার পালিমা বাসস্ট্যান্ড-সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। আমান আলী মণ্ডলের ছোট ভাই পিয়ার আলী মণ্ডল বলেন, রবিবার সন্ধ্যার পর থেকে তাকে (আমান আলী) পাওয়া যাচ্ছিল না। গতকাল পালিমা বাসস্ট্যান্ড-সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ পুকুরে মাছ চাষ করতেন। তার হাতে বিদ্যুতের তার জড়ানো ছিল। এতে ধারণা করা হচ্ছে তিনি রবিবার সন্ধ্যায় পুকুরে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যান। গতকাল বিকালে পালিমা দক্ষিণপাড়ায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
