সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে শ্বশুর বাড়ির লোকজনের হাতে রাজন হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজন পাবনা সদর উপজেলার বাংলাবাজার মহল্লার আশরাফ আলীর ছেলে। গত রবিবার রাতে উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুজানগর থানা পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, রবিবার রাজন শ্বশুর বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে আসে। রাতে স্ত্রী কামরুন্নাহারের সঙ্গে তার ঝগড়া হয় এবং এক পর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে। এরই জের ধরে তার শ্বশুর এবং শ্যালকসহ বাড়ির অন্য সদস্যরা তাকে বেধড়ক মারধর করেন। পরে রাজন জ্ঞান হারালে গতকাল ভোরে শ্বশুর কায়ুম খান এবং শ্যালক আব্দুর রাজ্জাক রাজনকে ভ্যানে করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিত্সক আসার আগেই তারা পালিয়ে যান বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোরশেদ জানান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে তদন্তকালে হত্যার বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের ভ্যান চালক শামীমকে গ্রেফতার করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
